এক চার্জে ২০৯ কিমি পথ পাড়ি দেবে নতুন ইলেকট্রিক সাইকেল, জানুন বিস্তারিত

বাজারে এল নতুন ট্রেসার ইলেকট্রিক সাইকেল, যা তার দীর্ঘ রেঞ্জের জন্য নজর কেড়েছে। এই সাইকেলে দুটি ৪৮ ভোল্ট ও ১৫.২ অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী, একটি ব্যাটারিতে ১০৪ কিমি এবং দুটি ব্যাটারি একসঙ্গে ব্যবহার করলে সর্বোচ্চ ২০৯ কিমি পর্যন্ত পথ পাড়ি দেওয়া সম্ভব। তবে বাস্তব রাস্তায় এই রেঞ্জ কিছুটা কম হতে পারে। সাইকেলটিতে বাফাং কোম্পানির ৭৫০ ওয়াটের রিয়ার হাব মোটর রয়েছে, যা ১৬৩৮ ওয়াট পর্যন্ত পাওয়ার এবং ৮৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম।
সাইকেলটি প্যাডেল অ্যাসিস্ট এবং থ্রটল—উভয় মোডেই চালানো যায়। প্যাডেল অ্যাসিস্ট মোডে এটি ঘণ্টায় ৪৫ কিমি পর্যন্ত গতি তুলতে পারে। নিরাপত্তার জন্য এতে চার-পিস্টন হাইড্রোলিক ডিস্ক ব্রেক, সামনে ৮০ মিমি ট্রাভেলের সাসপেনশন এবং ২৭.৫ ইঞ্চির চওড়া টায়ার দেওয়া হয়েছে। সাইকেলটি সর্বোচ্চ ১৯০ কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। এছাড়া হ্যান্ডেলের মাঝে ৩.৫ ইঞ্চির কালার টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে, যেখানে গতি ও ব্যাটারির চার্জের মতো তথ্য দেখা যায়। মোবাইল অ্যাপ কানেকশন ও ইউএসবি চার্জিং সুবিধাও এতে যুক্ত করা হয়েছে।
ব্যাটারিগুলো সাইকেল থেকে খুলে বাড়িতে বা অফিসে চার্জ করা সম্ভব। এর সঙ্গে ৪৮ ভোল্ট ও ৫ অ্যাম্পিয়ারের ফাস্ট চার্জার দেওয়া হয়। বর্তমানে আমেরিকায় মনার্ক ট্রেসার ডুয়েল ব্যাটারি মডেলটির দাম ১৭৯৯ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১.৬ থেকে ১.৭ লক্ষ টাকা। তবে এই মূল্যের সঙ্গে আমদানি শুল্ক বা পরিবহনের খরচ যুক্ত নয়। কোম্পানি এই সাইকেলের ওপর পাঁচ বছরের ওয়ারেন্টি দিচ্ছে। বর্তমানে মডেলটি আমেরিকায় বিক্রির জন্য উপলব্ধ হলেও, ভারতে এটি কবে আসবে বা এর দাম কত হবে, সে বিষয়ে কোম্পানি এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি।