হায়দরাবাদে মেটা অফিসে যুব কংগ্রেসের ভাঙচুর, আটক কর্মীদের নিয়ে বিতর্ক
ইনস্টাগ্রামে কংগ্রেস নেতাদের অ্যাকাউন্ট বন্ধ করা এবং বিধিনিষেধ আরোপের প্রতিবাদে হায়দরাবাদে মেটার অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠল যুব কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে প্রায় ৫০ জন কর্মী ‘মেটা ডাউন’ স্লোগান দিয়ে অফিসে প্রবেশ করেন। অভিযোগ, তারা লাঠি ও লোহার রড ব্যবহার করে অফিসের আসবাবপত্র ভাঙচুর করেন এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এই ঘটনায় পুলিশ ২১ জন কর্মীকে আটক করলেও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
যুব কংগ্রেসের অভিযোগ, বিজেপির নির্দেশে মেটা কর্তৃপক্ষ অন্যায়ভাবে তাদের নেতাদের অ্যাকাউন্ট বন্ধ করছে। সংগঠনের দাবি, গত ছয় মাসে সরকারি নির্দেশে কতগুলি ভারতীয় অ্যাকাউন্টে বিধিনিষেধ জারি হয়েছে এবং কতগুলি এখনও বন্ধ রয়েছে, তার বিস্তারিত হিসেব দিতে হবে। এছাড়া রাহুল গান্ধীর নাম বা বিজেপি বিরোধী পোস্ট স্বয়ংক্রিয়ভাবে ব্লক হওয়ার কারণ ব্যাখ্যা করার দাবিও জানানো হয়েছে।
যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় ভানু চিব এবং নেতা মনীশ শর্মার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছিল। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কোনো নোটিস ছাড়াই প্রতিদিন তাদের জাতীয় ও রাজ্যস্তরের অ্যাকাউন্ট থেকে ১০ থেকে ১৫টি পোস্ট মুছে ফেলা হচ্ছে। সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরদের কণ্ঠরোধ করার চেষ্টার অভিযোগ তুলে মেটাকে সংবিধান মেনে চলার আহ্বান জানিয়েছে যুব কংগ্রেস।