নাৎসি যোগের অভিযোগে বিতর্কে ডেনমার্কের ১১২ বছর বয়সী প্রবীণা

১১২ বছর ২১৮ দিন বয়সে ডেনমার্কের প্রবীণতম মানুষ হিসেবে পরিচিত ক্রিস্টেন শোয়ালবেকে ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ডেনমার্কের ন্যাশন্যাল আর্কাইভ থেকে উদ্ধার হওয়া নথিপত্র অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি নাৎসি দলের সক্রিয় সদস্য ছিলেন। ১৯৪১ সালে তিনি ডেনমার্কের ন্যাশনাল সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন এবং ১৯৪৩ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত হলস্টেব্রো শহরে দলের স্থানীয় শাখার নেত্রী ও মহিলা সংগঠনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
এই তথ্য প্রকাশ্যে আসার পর শোয়ালবের জীবনীগ্রন্থ ‘উই নিড সামথিং টু লাফ অ্যাবাউট’-এর প্রকাশনা ও বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রকাশক সংস্থা গিয়ুলডেনডাল। প্রকাশকের মতে, জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত অধ্যায় বাদ দিয়ে তথ্যভিত্তিক জীবনী প্রকাশ করা সম্ভব নয়। এছাড়া তাঁকে নিয়ে তৈরি একটি টেলিভিশন শো-ও আপাতত স্থগিত রাখা হয়েছে।
এর আগে এক সাক্ষাৎকারে শোয়ালবে দাবি করেছিলেন যে, স্বামীর প্ররোচনায় তিনি দলে যোগ দিলেও রাজনীতির প্রতি তাঁর কোনো আগ্রহ ছিল না। নাৎসি আদর্শের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক ছিল না বলেও তিনি দাবি করেছিলেন। তবে সাম্প্রতিক এই বিতর্কের জেরে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে পরিবার জানিয়েছে। পরিবারের পক্ষ থেকে প্রবীণার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার আবেদন জানানো হয়েছে।