২০৩০ সালের মধ্যে ভারত-কানাডা দ্বিপাক্ষিক বাণিজ্য ৭০ বিলিয়ন ডলারে পৌঁছানোর লক্ষ্য

ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ২০৩০ সালের মধ্যে বার্ষিক ৭০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কানাডা-ইন্ডিয়া ইনভেস্টমেন্ট ফোরামে বক্তব্য রাখতে গিয়ে কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ জানান, গত বছর দুই দেশের মধ্যে পণ্য ও পরিষেবা ক্ষেত্রে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ৩০.৪ বিলিয়ন ডলার। প্রস্তাবিত ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সিইপিএ কার্যকর হলে এই বাণিজ্য বর্তমানের তুলনায় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
দুই দেশের মধ্যে সিইপিএ চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত কানাডা সফরের আগেই এই চুক্তি চূড়ান্ত করার লক্ষ্য নিয়েছে উভয় পক্ষ। চলতি মাসের শুরুতে কানাডার আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী মানিন্দর সিধু ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করেন। সেখানে জ্বালানি, ইউরেনিয়াম, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং বিনিয়োগকে অর্থনৈতিক অংশীদারিত্বের প্রধান ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কানাডা বর্তমানে তাদের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি প্রকল্পের সম্প্রসারণ করছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের পঞ্চম বৃহত্তম এলএনজি রপ্তানিকারক দেশ হয়ে ওঠার লক্ষ্য নিয়েছে। এর ফলে ভারতের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা পূরণে কানাডা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা পরিকাঠামোর মতো প্রযুক্তিগত ক্ষেত্রেও দুই দেশ সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে। উল্লেখ্য, কানাডা ভারতের অন্যতম প্রধান বিনিয়োগকারী দেশ হিসেবে ইতিমধ্যে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে।