ডিসেম্বরের শুরুতেই রাজ্যে জাঁকিয়ে শীতের পূর্বাভাস, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই

ডিসেম্বরের শুরুতেই রাজ্যে জাঁকিয়ে শীতের পূর্বাভাস, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই

শনিবার উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় আকাশ মূলত পরিষ্কার ও ঝলমলে থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই।

উত্তরবঙ্গের জেলাগুলোতেও আবহাওয়া শুষ্ক থাকবে। তবে পাহাড় ও সমতলের তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবার কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস এবং দার্জিলিংয়ে তা নেমেছে ৫.৪ ডিগ্রি সেলসিয়াসে। আগামী ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত দুই বঙ্গের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এই সময়ে তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশেই থাকবে।

আবহাওয়া দফতরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরের প্রথম সপ্তাহ পেরোলেই রাজ্যে শীতের আমেজ বাড়বে। ৪ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে দুই বঙ্গের জেলাগুলোতে রাতের তাপমাত্রা একধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। ফলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহবিদরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *