কার্তিগাই দীপম নিয়ে সুপ্রিম নির্দেশের আবহে ভগবান মুরুগনের নামে পোস্ট প্রধানমন্ত্রীর

তামিলনাড়ুর মাদুরাইয়ে তিরুপ্পরানকুন্দ্রম পাহাড়ে কার্তিগাই দীপমের প্রদীপ জ্বালানো নিয়ে চলা বিতর্কের মধ্যেই ভগবান মুরুগনের নামে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে তিনি তামিল, হিন্দি ও ইংরেজি ভাষায় লেখেন, ‘ভেত্রিভেল মুরুগানুক্কু আরোগারা’, যার অর্থ ভগবান মুরুগনের জয়। তবে এই পোস্টে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ বা চলমান বিতর্ক নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি প্রধানমন্ত্রী।
এর আগে গত ২০ নভেম্বর সুপ্রিম কোর্ট মন্দির প্রশাসনের অনুমোদিত একটি দলকে দীপথুন স্তম্ভে প্রদীপ জ্বালানোর অনুমতি দিয়েছিল। ২৪ নভেম্বর নির্ধারিত স্থানে প্রদীপ না জ্বলে প্রথাগত উচিপ্পিল্লাইয়ার মণ্ডপমে অনুষ্ঠান হওয়ায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। শুক্রবার শীর্ষ আদালত জানায়, আগের নির্দেশ সত্ত্বেও প্রদীপ না জ্বালানো ইচ্ছাকৃত অবমাননা। আদালত তামিলনাড়ুর মুখ্যসচিব ও ডিজিপি-সহ ১৫ জনকে আদালত অবমাননার নোটিস জারি করেছে এবং সরকারি আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে।
বিতর্কের কেন্দ্রে থাকা তিরুপ্পরানকুন্দ্রম পাহাড়ে প্রদীপ জ্বালানোর স্থান নিয়ে হিন্দু সংগঠন ও রাজ্য সরকারের মধ্যে মতপার্থক্য রয়েছে। রাজ্য সরকার পাহাড়ের নিচের অংশে অনুষ্ঠান করার পক্ষে থাকলেও, হিন্দু সংগঠনগুলি পাহাড়ের উপরের দীপথুন স্তম্ভে প্রদীপ জ্বালানোর দাবি জানিয়ে আসছিল। শুক্রবারের নির্দেশে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে, ২৮ নভেম্বর দীপথুন স্তম্ভেই প্রদীপ জ্বালাতে হবে। একইসঙ্গে আদালত মন্দিরের ট্রাস্টি বোর্ডের দায়িত্ব স্থগিত করে হাইকোর্টের দুই অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রশাসনিক দায়িত্ব দিয়েছে।