ফ্রান্সে পুলিশের টিয়ারগ্যাসের প্রভাবে হাজার হাজার মহিলার প্রজনন স্বাস্থ্যের অবনতির আশঙ্কা

ফ্রান্সে সাম্প্রতিক বিক্ষোভ দমনে পুলিশের ব্যাপক টিয়ারগ্যাস ব্যবহারের ফলে হাজার হাজার মহিলা ও কিশোরীর প্রজনন স্বাস্থ্যে দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। গত ১৭ অক্টোবর মাত্র ১০ ঘণ্টায় প্রায় ২২ হাজার টিয়ারগ্যাস শেল ছোড়া হয়। এরপর থেকেই বহু মহিলা অস্বাভাবিক রক্তক্ষরণ, তীব্র পেটব্যথা এবং ঋতুস্রাবজনিত জটিলতায় ভুগছেন। ‘ল্যাক্রিমোস দে স্যাং’ নামক একটি নারীবাদী সংগঠনের সংগৃহীত তথ্য অনুযায়ী, টিয়ারগ্যাসের সংস্পর্শে আসা ৯ হাজার ২০০ জনেরও বেশি মহিলার মধ্যে ৯৪ শতাংশই স্ত্রীরোগজনিত সমস্যার কথা জানিয়েছেন। এমনকি মেনোপজ হয়ে যাওয়া বা হরমোন থেরাপি নেওয়া মহিলাদের মধ্যেও হঠাৎ রক্তক্ষরণের ঘটনা ঘটেছে।
সংগঠনটির তথ্যে আরও উঠে এসেছে যে, টিয়ারগ্যাসের সংস্পর্শে আসা ৪৭ জন অন্তঃসত্ত্বা নারীর মধ্যে ১৫ জনই গর্ভপাত বা সন্তান হারানোর মতো মর্মান্তিক অভিজ্ঞতার শিকার হয়েছেন। চিকিৎসকদের মতে, টিয়ারগ্যাসে ব্যবহৃত রাসায়নিক উপাদান জরায়ুর রিসেপ্টরগুলোকে সক্রিয় করে সংকোচন ঘটাতে পারে, যা গর্ভাবস্থায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ২০ বছরের কম বয়সী তরুণীরা এই গ্যাসের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে গবেষকরা জানিয়েছেন। অতীতে হংকং, যুক্তরাষ্ট্র এবং গাজার বিক্ষোভেও মহিলাদের ঋতুস্রাবজনিত জটিলতার অভিযোগ উঠেছিল, তবে এ বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা এখনো সীমিত।
ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এই শারীরিক জটিলতার পেছনে মানসিক চাপকে দায়ী করেছে এবং টিয়ারগ্যাসের ব্যবহারে কোনো স্বাস্থ্যঝুঁকি নেই বলে দাবি করেছে। তবে চিকিৎসকরা সরকারের এই যুক্তি নাকচ করে দিয়ে জানিয়েছেন, মানসিক চাপের কারণে গর্ভপাত বা মেনোপজ পরবর্তী রক্তক্ষরণের মতো লক্ষণ দেখা দেওয়া সম্ভব নয়। মানবাধিকারকর্মীরা বলছেন, পর্যাপ্ত গবেষণা ছাড়াই সাধারণ মানুষের ওপর নির্বিচারে এই রাসায়নিক গ্যাসের ব্যবহার নাগরিকদের মতপ্রকাশের অধিকারকে বাধাগ্রস্ত করছে। অবিলম্বে এই পরিস্থিতির নিরপেক্ষ তদন্ত ও ব্যবহারের ওপর নিয়ন্ত্রণের দাবি তুলেছেন ফ্রান্সের চিকিৎসক ও মানবাধিকার সংস্থাগুলো।