রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে দূরত্ব বজায় রাখছে ভারত, নেপথ্যে ভূ-রাজনৈতিক স্বার্থ

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে দূরত্ব বজায় রাখছে ভারত, নেপথ্যে ভূ-রাজনৈতিক স্বার্থ

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রাখাইন প্রদেশে রোহিঙ্গা গণহত্যার রায় দিলেও ভারত এ বিষয়ে কোনো সরাসরি অবস্থান নেয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারত এই রায় নোট করেছে এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের পক্ষে। তবে মিয়ানমারের সামরিক জান্তার সরাসরি নিন্দা না করে ভারত বরং বাস্তববাদী ও যোগাযোগনির্ভর সম্পর্ক বজায় রাখার নীতি গ্রহণ করেছে। সরকারি তথ্য অনুযায়ী, ভারতে ৪০ হাজারের বেশি রোহিঙ্গা বসবাস করলেও তাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।

বিশেষজ্ঞদের মতে, সীমান্ত নিরাপত্তা, বিচ্ছিন্নতাবাদ দমন, মাদক চোরাচালান রোধ এবং বঙ্গোপসাগরে চীনের প্রভাব মোকাবিলার জন্য মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারতের ভূ-রাজনৈতিক স্বার্থের জন্য জরুরি। কালাদান প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে মিয়ানমারের সহযোগিতা প্রয়োজন। তাই মিয়ানমারকে চটিয়ে কোনো পদক্ষেপ নিতে নারাজ নয়াদিল্লি। এছাড়া, ভারতে বসবাসকারী রোহিঙ্গাদের অনেক সময় অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবেও চিহ্নিত করা হয়।

ভারত ১৯৫১ সালের শরণার্থী কনভেনশন বা ১৯৬৭ সালের প্রোটোকলে স্বাক্ষরকারী দেশ নয়, ফলে এখানে শরণার্থীদের জন্য কোনো সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ আইনি কাঠামো নেই। অধ্যাপক অনিন্দিতা ঘোষালের মতে, রোহিঙ্গাদের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি মূলত রাজনৈতিক ও নীতিগত। মিয়ানমার থেকে আসা অন্যান্য জনগোষ্ঠীর প্রতি সহানুভূতি থাকলেও রোহিঙ্গাদের ক্ষেত্রে ভারত ভিন্ন অবস্থান নেয়। আন্তর্জাতিক আদালতের রায় সত্ত্বেও ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে তাই ধোঁয়াশা রয়েই গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *