ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হুগলির কৃষকদের পাশে রাজ্য সরকার, ধান কেনার দাম ও নিয়ম ঘোষণা

গত ১৯ নভেম্বর ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে হুগলি জেলায় ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় প্রায় ২৬ হাজার ৯৫৩ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আমন ধান ২৬ হাজার ৬৪ হেক্টর, সর্ষে ১৭২ হেক্টর, মসুর ডাল ৭০৭ হেক্টর এবং ১৫ হেক্টর জমির ফুল চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে গোঘাট ১ ও ২, আরামবাগ এবং খানাকুল ১ ও ২ ব্লকে চাষের সবথেকে বেশি ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য রাজ্য সরকার কৃষি রক্ষক হেল্পলাইন নম্বর ১৪৪৪৭ এবং হোয়াটসঅ্যাপ নম্বর ৭০৬৫৫১৪৪৪৭ চালু করেছে। এছাড়া পিএমএফবিওয়াই পোর্টালের মাধ্যমেও নাম নথিভুক্ত করা যাবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ২৬ নভেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্লক স্তরে বিডিওদের মাধ্যমে ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।
অন্যদিকে, আগামী ১ ডিসেম্বর থেকে জেলায় সরকারিভাবে ধান কেনা শুরু হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত। হুগলিতে মোট তিন লক্ষ ২৭ হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএম কিষান এবং কৃষক বন্ধু প্রকল্পের তালিকাভুক্ত কৃষকদের থেকে এই ধান সংগ্রহ করা হবে। ই-প্যাডি পোর্টালে কেওয়াইসি ও বৈধ ব্যাংক অ্যাকাউন্টসহ নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক।
সরকারিভাবে প্রতি কুইন্টাল ধানের দাম নির্ধারণ করা হয়েছে ২৪৪১ টাকা। এর সঙ্গে খাদ্য দপ্তরের পক্ষ থেকে অতিরিক্ত ২০০ টাকা বোনাস দেওয়া হবে, ফলে কৃষকরা মোট ২৬৪১ টাকা প্রতি কুইন্টাল দরে ধান বিক্রির সুযোগ পাবেন। প্রতিটি কৃষক পরিবার থেকে সর্বোচ্চ ৪৫ কুইন্টাল ধান কেনা হবে। সরকার অনুমোদিত সিপিসি কেন্দ্রগুলিতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধান সংগ্রহের কাজ চলবে।