গড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে গাড়ি, আহত ৭

গড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে গাড়ি, আহত ৭

কলকাতার গড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ল একটি দ্রুতগতির গাড়ি। হালতু থেকে ঢাকুরিয়া স্টেশনগামী গাড়িটি আচমকা পথচারীদের ধাক্কা দিলে অন্তত সাতজন আহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে, রাত সাড়ে দশটা নাগাদ গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে এসে ফুটপাতে থাকা মানুষদের সজোরে ধাক্কা মারে। এরপর গাড়িটি রাস্তার ধারের একটি বন্ধ দোকানে গিয়ে ধাক্কা খেয়ে থামে।

এই ঘটনায় আহত সাতজনের মধ্যে চারজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দুর্ঘটনার তীব্রতায় দোকানের একাংশ ভেঙে গুঁড়িয়ে যায় এবং গাড়িটিও দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় বাসিন্দারাই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ঘটনার আকস্মিকতায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঘটনার পর ঘাতক গাড়ির চালক পালিয়ে গেলেও, কসবা থানার পুলিশ তল্লাশি চালিয়ে অভিযুক্তকে আটক করেছে। ঘাতক গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটিতে এক পুরুষ ও এক মহিলা ছিলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *