ট্রেনে নেই ৫৪ নম্বর সিট, তবুও কনফার্ম টিকিট! রেলের সিস্টেম নিয়ে প্রশ্ন যাত্রীর

ট্রেনে উঠে নিজের আসন খুঁজতে গিয়ে চরম বিপাকে পড়লেন এক যাত্রী। ঈশান নামে ওই যাত্রী জানিয়েছেন, তাঁর টিকিটে ‘এ১/৫৪’ নম্বর বার্থটি সংরক্ষিত ছিল। কিন্তু ট্রেনে উঠে তিনি দেখেন, ওই কামরাটিতে মোট ৫২টি বার্থ রয়েছে। অর্থাৎ, যে সিটটির জন্য তিনি টিকিট কেটেছেন, বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই।
রাত পৌনে ১১টা নাগাদ এই পরিস্থিতিতে পড়ে বসার জায়গাটুকুও পাননি ওই যাত্রী। বিষয়টি নিয়ে তিনি রেলের হেল্পলাইন নম্বর ১৩৯-এ অভিযোগ জানান। পাশাপাশি, নিজের টিকিটের স্ক্রিনশট সমাজমাধ্যমে শেয়ার করে তিনি রেলের অনলাইন বুকিং সিস্টেমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ভাইরাল হওয়া ওই পোস্টে দেখা যাচ্ছে, রেলের সিস্টেমে ৫৪ নম্বর বার্থটি কনফার্ম হিসেবেই দেখানো হয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শোরগোল পড়ে গিয়েছে। রেলওয়ে সেবার পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট আধিকারিকদের জানানো হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এই ঘটনার পর থেকেই সাধারণ যাত্রীদের মনে প্রশ্ন উঠছে, যে বার্থের অস্তিত্বই নেই, তা কীভাবে রেলের সিস্টেমে বুকিংয়ের জন্য উপলব্ধ হলো। অন্য এক যাত্রীও নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে দাবি করেছেন, তাঁর টু-এসি কামরার টিকিটও একইভাবে থ্রি-এসিতে পরিবর্তিত হয়ে গিয়েছিল।