প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বিদেশ সফর নিয়ে তদন্তের নির্দেশ ওড়িশা সরকারের

ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বিদেশ সফরের তথ্য নিয়ে তদন্তের নির্দেশ দিল সে রাজ্যের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জনপ্রশাসন বিভাগের প্রিন্সিপাল সচিব এসকে বশিষ্ঠ এই বিষয়টি তদন্ত করে দেখবেন। ২৪ বছরের দীর্ঘ শাসনামলে নবীন পট্টনায়ক তিনবার বিদেশ সফর করেছিলেন, যার মধ্যে শেষ দুটি সফর নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।
২০২২ সালের জুন মাসে ১১ দিনের ইটালি ও দুবাই সফর এবং ২০২৩ সালের এপ্রিলে জাপান ও সিঙ্গাপুর সফরের তথ্য নিয়ে এই তদন্ত শুরু হয়েছে। তৎকালীন ব্যক্তিগত সচিব ভিকে পান্ডিয়ান এবং নয়াদিল্লিতে ওড়িশার রেসিডেন্ট কমিশনার রবি কান্ত এই দুই সফরেই নবীনের সঙ্গী ছিলেন। আরটিআই-এর মাধ্যমে পাওয়া তথ্যে অস্পষ্টতা ও অসম্পূর্ণতার অভিযোগ ওঠার পরেই ওড়িশা প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমানে রবি কান্ত বিএসএফ-এর আইজি হিসেবে কর্মরত রয়েছেন।
রাজ্যের পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনের আগে এই তদন্তকে কেন্দ্র করে ওড়িশার রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিজেডি এই পদক্ষেপকে প্রশাসনিক ব্যর্থতা থেকে নজর ঘোরানোর কৌশল বলে দাবি করেছে। অন্যদিকে, বিজেপির একাংশের অভিযোগ, দলের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হচ্ছে, সেই ক্ষোভ প্রশমনের জন্যই এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিদেশ সফর ঘিরে ওড়িশার রাজনৈতিক মহলে উত্তাপ বাড়ছে।