ঘন কুয়াশায় ঢাকা ডুয়ার্স, ব্যাহত যান চলাচল ও জনজীবন

শীতের মরশুমে প্রথমবারের মতো ঘন কুয়াশার চাদরে ঢেকে গেল গোটা ডুয়ার্স। মঙ্গলবার ভোর থেকেই বিস্তীর্ণ অঞ্চল কুয়াশার পুরু আস্তরণে ঢাকা পড়ে যাওয়ায় দৃশ্যমানতা তলানিতে এসে ঠেকেছে। শহর থেকে প্রত্যন্ত গ্রাম, চা বাগান, জাতীয় সড়ক এবং রেললাইন—সবই যেন কুয়াশার আড়ালে হারিয়ে গিয়েছে। বেলা গড়িয়ে গেলেও সূর্যের দেখা না মেলায় দিনের আলোতেও এক অদ্ভুত অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে।
কুয়াশার তীব্রতার কারণে রাস্তায় যানবাহন চলাচলে ব্যাপক সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বড় দুর্ঘটনা এড়াতে সকাল থেকেই ছোট-বড় সমস্ত গাড়িকে হেডলাইট এবং ফগ লাইট জ্বালিয়ে অত্যন্ত ধীরগতিতে চলাচল করতে দেখা গিয়েছে। একই পরিস্থিতি তৈরি হয়েছে রেলপথেও, যেখানে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফগ লাইট জ্বালিয়ে ধীরগতিতে ট্রেন চালানো হচ্ছে। বিশেষ করে ভুটান পাহাড় লাগোয়া অঞ্চল এবং চা বাগান অধ্যুষিত এলাকাগুলিতে কুয়াশার দাপট সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে।
কুয়াশার পাশাপাশি কনকনে উত্তুরে হাওয়া বইতে থাকায় ঠান্ডার প্রকোপ অনেকটাই বেড়েছে। বাতাসে ভাসমান জলকণা ঝিরঝিরে বৃষ্টির মতো ঝরে পড়ায় জনজীবন কার্যত জবুথবু হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, চলতি শীতের মরশুমে এমন ঘন কুয়াশা এই প্রথম। কুয়াশা এবং হাড়কাঁপানো ঠান্ডার জোড়া ফলায় মঙ্গলবার সকাল থেকেই ডুয়ার্সজুড়ে স্বাভাবিক জনজীবন অনেকটাই থমকে গিয়েছে।