সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ নিশ্চিত করতে কড়া নির্দেশ স্বাস্থ্য দপ্তরের

সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ নিশ্চিত করতে কড়া নির্দেশ স্বাস্থ্য দপ্তরের

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে রোগীদের বিনামূল্যে ওষুধ ও চিকিৎসার সামগ্রী নিশ্চিত করতে কঠোর নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দপ্তর। ২১ নভেম্বর মেডিক্যাল এডুকেশন ডিরেক্টরেটের তরফে এই নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি, সুপারিনটেনডেন্ট এবং অন্যান্য হাসপাতাল কর্তৃপক্ষকে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, কোনো রোগীকে বাইরের দোকান থেকে ওষুধ কেনার পরামর্শ দেওয়া যাবে না।

চিকিৎসকদের হাসপাতালের নির্দিষ্ট প্রেসক্রিপশন প্যাডেই ওষুধ লিখতে হবে। প্রেসক্রিপশনে চিকিৎসকের নাম বড় অক্ষরে, পদবি, রেজিস্ট্রেশন নম্বর এবং সই থাকা বাধ্যতামূলক। যদি কোনো চিকিৎসক এমন ওষুধ বা সামগ্রী লেখেন যা হাসপাতালের নির্ধারিত তালিকায় নেই, তবে সেই প্রেসক্রিপশন এমএসভিপি বা সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকের কাছে পাঠাতে হবে। এরপর হাসপাতাল প্রশাসন দ্রুত স্থানীয় বাজার থেকে সেই ওষুধ কিনে রোগীকে বিনামূল্যে সরবরাহ করবে।

হাসপাতালে কোনো কারণে প্রয়োজনীয় ওষুধ বা চিকিৎসার সামগ্রী মজুত না থাকলেও তা দ্রুত কেনার দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের ওপরই ন্যস্ত করা হয়েছে। এক্ষেত্রে এফপিএমএস-এর মাধ্যমে কেনাকাটার জন্য স্বাস্থ্য দপ্তরের পূর্ববর্তী নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে। এই নতুন নির্দেশের ফলে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ওষুধের খরচ নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *