মার্কিন সহায়তায় মেক্সিকোতে গ্রেপ্তার কুখ্যাত ড্রাগ লর্ড ‘এল চ্যাপো ইসিদ্রো’

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা ড্রাগ লর্ড ফাস্তো ইসিদ্রো মেজা-ফ্লোরেস, যিনি ‘এল চ্যাপো ইসিদ্রো’ নামে পরিচিত, তাকে মেক্সিকোতে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বাহিনীর সহায়তায় মেক্সিকান নিরাপত্তা বাহিনী ২০ নভেম্বর সিনালোয়া রাজ্যের গুয়াসেভে এক অভিযান চালিয়ে তাকে আটক করে। এই অভিযানে জার্মান রোল্যান্ডো গালভেজ মেজা নামে আরও এক কার্টেল সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মেজা-ফ্লোরেসের বিরুদ্ধে ফেন্টানাইলসহ বিভিন্ন প্রাণঘাতী মাদকদ্রব্য যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগ রয়েছে।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, এটি ট্রাম্প প্রশাসনের অধীনে এফবিআই-এর শীর্ষ দশ পলাতকের তালিকায় থাকা ১১তম গ্রেপ্তারের ঘটনা। হোমল্যান্ড সিকিউরিটি টাস্ক ফোর্সের নেতৃত্বে পরিচালিত এই তদন্তে এফবিআই, ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং ইউএস মার্শাল সার্ভিসসহ একাধিক মার্কিন সংস্থা যৌথভাবে কাজ করেছে। মার্কিন কর্মকর্তাদের মতে, এই গ্রেপ্তার কার্টেল নেটওয়ার্কের বিরুদ্ধে একটি বড় সাফল্য এবং এটি অপরাধী চক্রের নেতাদের কাছে একটি কঠোর বার্তা পৌঁছে দিয়েছে।
এই গ্রেপ্তারের পর সিনালোয়া রাজ্যে সহিংসতার আশঙ্কায় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট আমেরিকান নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে। হারমোসিলোর মার্কিন কনস্যুলেট জানিয়েছে, আহোমে, গুয়াসেভ ও নভোলাটোসহ বিভিন্ন এলাকায় সশস্ত্র সংঘর্ষ, রাস্তা অবরোধ ও যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। স্থানীয় মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে, জনসমাগম এড়িয়ে চলতে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সিনালোয়া অঞ্চলটি বর্তমানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ নির্দেশিকায় সর্বোচ্চ সতর্কতার স্তরে রয়েছে।