গুগল পিএইচডি ফেলোশিপ পেলেন যাদবপুরের গবেষক অভিরূপ চ্যাটার্জী

গুগল পিএইচডি ফেলোশিপ পেলেন যাদবপুরের গবেষক অভিরূপ চ্যাটার্জী

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের পিএইচডি গবেষক অভিরূপ চ্যাটার্জী মর্যাদাপূর্ণ ‘গুগল পিএইচডি ফেলোশিপ’ অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তিনিই প্রথম এই সম্মান পেলেন। গুগল এ বছর বিশ্বের ৩৮টি দেশ থেকে মোট ১৪৮ জন গবেষককে ফেলোশিপের জন্য নির্বাচিত করেছে। এর মধ্যে মেশিন লার্নিং এবং এমএল ফাউন্ডেশন বিভাগে সারা বিশ্ব থেকে ৪৩ জনকে বেছে নেওয়া হয়েছে, যার মধ্যে অভিরূপ অন্যতম। এই বিভাগে ভারত থেকে মোট তিনজন গবেষক নির্বাচিত হয়েছেন।

অভিরূপের গবেষণার মূল বিষয় হলো ‘লো-ওভারহেড রিপ্রেজেন্টেশন লার্নিং’ পদ্ধতির বিকাশ ঘটানো। বড় এআই মডেলগুলিকে বারবার প্রশিক্ষণের প্রয়োজন হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। অভিরূপের লক্ষ্য হলো, কীভাবে এই মডেলগুলিকে ত্রুটিমুক্ত করে নতুন পরিস্থিতিতে উপযোগী করে তোলা যায়। তাঁর এই গবেষণার জন্য গুগল আর্থিক সহায়তা প্রদান করবে, যা তাঁর কাজের গতি আরও বাড়াতে সাহায্য করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য এবং সহ-উপাচার্য অধ্যাপক অমিতাভ দত্ত অভিরূপের এই সাফল্যে গর্ব প্রকাশ করেছেন। তাঁরা জানিয়েছেন, এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের বিশ্বমানের গবেষণা পরিকাঠামোর প্রমাণ। অভিরূপের গবেষণার তত্ত্বাবধায়ক অধ্যাপিকা সুস্মিতা ঘোষ জানান, স্নাতকোত্তর স্তর থেকেই অভিরূপের চিন্তাভাবনা অত্যন্ত অভিনব। এই ফেলোশিপ আগামী দিনে তাঁকে আরও বড় গবেষণার পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *