আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার দার্জিলিঙের বিজেপি বিধায়কের ঘনিষ্ঠ রিভা লামা

আর্থিক প্রতারণার অভিযোগে শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হয়েছে রিভা লামা নামে এক মহিলাকে। তিনি দার্জিলিঙের বিজেপি বিধায়ক নোমান রাইয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অভিযোগ, ২০২৪ সালের জানুয়ারি মাসে ঠিকাদারি কাজের বরাত পাইয়ে দেওয়ার নাম করে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি মানিক অরোরা ও তাঁর পরিবারের কাছ থেকে ১ কোটি টাকা নিয়েছিলেন রিভা। সেবক থেকে রংপো রেল টানেল প্রকল্পের স্টেশন তৈরির কাজের জন্য এই টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ।
মানিক অরোরার দাবি, কাজের অংশীদারিত্বের শর্তে টাকা নেওয়া হলেও পরে রিভা সেই শর্ত মানেননি। টাকা ফেরত চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন এবং দুর্ব্যবহার করেন। আইনি নোটিস পাঠিয়েও কোনো সাড়া না মেলায় শেষ পর্যন্ত শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অরোরা পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্তে নামে।
শনিবার শিলিগুড়ির একটি শপিংমলে বিধায়ক নোমান রাইয়ের সঙ্গে কফি খাওয়ার সময় পুলিশ রিভাকে গ্রেফতার করে। বিধায়কের উপস্থিতিতেই এই গ্রেফতারি সম্পন্ন হয়। ঘটনার পর থেকে বিধায়কের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। রিভা পেশায় একজন ঠিকাদার এবং বিভিন্ন নির্মাণ কাজের সঙ্গে যুক্ত। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।