কলকাতা মেডিক্যাল কলেজে ভয়ের পরিবেশ তৈরির অভিযোগ জাতীয়তাবাদী চিকিৎসকদের

কলকাতা মেডিক্যাল কলেজে ভয়ের পরিবেশ তৈরির অভিযোগ জাতীয়তাবাদী চিকিৎসকদের

কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিকল্পিতভাবে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ তুললেন জাতীয়তাবাদী চিকিৎসক ও জুনিয়র ডাক্তারদের একাংশ। শনিবার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, প্রতিষ্ঠানের ভেতরে নকশালপন্থী মতাদর্শের প্রভাবে সাধারণ পড়ুয়াদের সামাজিক বয়কট করা হচ্ছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে কলেজ অধ্যক্ষের কাছে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, দুর্গাপূজার সময় চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার দিনই মেডিক্যাল কলেজের আটজন জুনিয়র ডাক্তার পরিকাঠামোর অভাব ও ওষুধের ঘাটতি নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন। কর্তব্যরত অবস্থায় এই ধরনের মন্তব্যের জেরে স্বাস্থ্য দপ্তর তাঁদের শোকজ় করে। সেই শোকজ়ের প্রতিবাদে চলা ধর্না মঞ্চে বহিরাগতদের হামলার অভিযোগ ওঠে। ‘মেডিক্যাল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’-এর দাবি, এই হামলার নেপথ্যে এবিভিপি রয়েছে।

শনিবারের সাংবাদিক বৈঠকে জাতীয়তাবাদী চিকিৎসকরা সেই অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন। সংগঠনের নেতা তন্ময় মুখোপাধ্যায় ও অর্চনা মজুমদার দাবি করেন, ওই জুনিয়র ডাক্তারদের আচরণ মেডিক্যাল কলেজের সংস্কৃতির পরিপন্থী। তাঁদের মতে, শোকজ়ের বিষয়টি আড়াল করতেই এখন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কর্তব্যরত অবস্থায় প্রেস কনফারেন্স করার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের ক্ষমা চাওয়া উচিত ছিল বলেও তাঁরা মন্তব্য করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *