সোনার দাম কমা নিয়ে দেশবাসীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

লখনউয়ে আইআইটি-র ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে সোনার দামের হ্রাস নিয়ে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, এক বছর আগে তিনি দেশবাসীর কাছে আবেদন জানিয়েছিলেন যে, খুব প্রয়োজন না হলে যেন সোনা কেনা থেকে বিরত থাকেন। প্রধানমন্ত্রীর দাবি, তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে সাধারণ মানুষ সোনা কেনা কমিয়ে দিয়েছেন, যার ফলে বাজারে সোনার দাম কমেছে। এই বিষয়ে দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের এই সচেতনতায় তাঁদের অর্থ সাশ্রয় হয়েছে।
প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে লালবাহাদুর শাস্ত্রীর কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, দেশের মানুষের মধ্যে আজও সেই একই চারিত্রিক বৈশিষ্ট্য ও দেশপ্রেম রয়েছে। অতীতে শাস্ত্রীজির আহ্বানে সাড়া দিয়ে দেশবাসী যেমন একবেলা খাবার ত্যাগ করেছিলেন, তেমনই বর্তমান সময়েও তাঁর অনুরোধে মানুষ সোনা কেনা কমিয়ে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছেন।
অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) নিয়েও নিজের মতামত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, প্রযুক্তির অগ্রগতির ফলে কর্মসংস্থান নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছে, তা ভিত্তিহীন। যাদের হাতে কাজের দক্ষতা রয়েছে, তাদের কর্মসংস্থানের সুযোগ সহজে কমবে না। নতুন জাতীয় শিক্ষানীতিতে দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং ২০১৪ সালের পর দেশে ৫ হাজার নতুন আইটিআই তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ভবিষ্যতে শিল্প ও প্রযুক্তির ক্ষেত্রে দক্ষ কর্মীদের চাহিদা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাপ্রকাশ করেন।