নাইজেরিয়ায় নৌকাডুবি: অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে মৃত্যু ২৪ জনের

নাইজেরিয়ার বেয়েলসা রাজ্যে একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। আয়ামা এবং উকুবি গ্রামের মধ্যবর্তী জলপথে নৌকাটি যান্ত্রিক ত্রুটির কারণে ডুবে যায়। স্থানীয় পুলিশ জানিয়েছে, নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ছিল এবং যান্ত্রিক গোলযোগের সময় চালক নৌকাটি তীরে ফিরিয়ে নিতে অস্বীকার করেন। ঘটনার পর চালক পালিয়ে গেলেও নৌকার ম্যানেজারকে আটক করেছে পুলিশ।
দুর্ঘটনার পর ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ১৯ জনকে স্থানীয় ক্লিনিকে এবং ৫ জনকে রাজ্যের রাজধানী ইয়েনাগোয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, নৌকা ছাড়ার আগেই তাতে অতিরিক্ত ভিড় ছিল এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। উদ্ধারকাজে সামুদ্রিক পুলিশ, স্থানীয় ডুবুরি এবং জরুরি বিভাগের কর্মীরা নিয়োজিত রয়েছেন। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
নাইজেরিয়ার অভ্যন্তরীণ জলপথে নিরাপত্তা বিধি উপেক্ষা এবং অতিরিক্ত যাত্রী বহনের কারণে প্রায়ই নৌকা দুর্ঘটনার খবর পাওয়া যায়। লাইফ জ্যাকেট ব্যবহারের অভাব এবং ত্রুটিপূর্ণ নৌকার ব্যবহার এই ধরনের ট্র্যাজেডির অন্যতম কারণ। বেয়েলসা রাজ্য সরকার এই ঘটনার পর কঠোর নিরাপত্তা বিধি মেনে চলা এবং অতিরিক্ত যাত্রী বহন বন্ধ করার জন্য অপারেটর ও যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে।