আদালত মনোরঞ্জনের জায়গা নয়, এজলাসে মোবাইল ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা এলাহাবাদ হাইকোর্টের

এলাহাবাদ হাইকোর্টের এজলাসে শুনানি চলাকালীন ভিডিয়ো রেকর্ডিং করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত ১৯ নভেম্বর বিচারপতি বিক্রম ডি চৌহানের এজলাসে বারাণসীর বাসিন্দা রাজ কুলশ্রেষ্ঠ নামে ওই ব্যক্তি গোপনে শুনানির ভিডিয়ো রেকর্ড করছিলেন। হাতেনাতে ধরা পড়ার পর তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় এবং ফোনে তিনটি ভিডিয়ো ক্লিপ পাওয়া যায়। তদন্তে জানা যায়, ওই ব্যক্তির কাছে কেবল আইনজীবীদের চেম্বারে যাওয়ার পাস ছিল, আদালত কক্ষে প্রবেশের কোনো বৈধ অনুমতি ছিল না।
বিচারপতি রাজ কুলশ্রেষ্ঠকে পুলিশের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন এবং তাঁকে প্রয়াগরাজের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দপ্তরে হাজির করানো হয়। ব্যক্তিগত বন্ডের বিনিময়ে জামিন পেলেও পরদিন তাঁকে ফের আদালতে হাজির হতে হয়। আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার পর তাঁকে মুক্তি দেওয়া হয়। তবে আদালত নির্দেশ দেয় যে, ফোনের সমস্ত ভিডিয়ো মুছে ফেলতে হবে এবং ফ্যাক্টরি রিসেট করার পরেই ফোনটি ফেরত দেওয়া হবে। পাশাপাশি, ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করার জন্য সতর্ক করা হয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে আদালত এজলাসে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, শুনানি প্রক্রিয়া দেখার জন্য আদালতের দরজা খোলা থাকলেও তা ভিডিয়ো রেকর্ডিংয়ের জন্য নয়। আদালত কোনো মনোরঞ্জনের জায়গা নয়, বরং গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা করার স্থান। তাই ভবিষ্যতে শুনানি কক্ষে প্রবেশ করতে হলে মোবাইল ফোন বাইরে রেখে আসার নির্দেশ দেওয়া হয়েছে।