চাঁদের মাটিতে আলু চাষে সাফল্য, গবেষণায় নতুন দিশা বিজ্ঞানীদের

চাঁদের মাটিতে আলু চাষে সাফল্য, গবেষণায় নতুন দিশা বিজ্ঞানীদের

চাঁদের মাটিতে আলু চাষের সম্ভাবনা নিয়ে নতুন গবেষণায় আশাব্যঞ্জক তথ্য উঠে এসেছে। ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা কৃত্রিম চন্দ্রমাটিতে ‘মোডক’ প্রজাতির আলু চাষ করে এই সাফল্য পেয়েছেন। চাঁদের মাটিতে নাইট্রোজেন বা জৈব পদার্থের অভাব থাকায় এবং তামার মতো ভারী ধাতুর উপস্থিতির কারণে সেখানে সরাসরি ফসল ফলানো অত্যন্ত কঠিন। এই প্রতিকূলতা কাটাতে গবেষকরা কৃত্রিম চন্দ্রমাটির সঙ্গে কেঁচো সার বা ভার্মিকম্পোস্ট মিশিয়ে পরীক্ষাটি চালিয়েছেন।

গবেষণায় দেখা গেছে, সার ছাড়া লাগানো আলুগাছে শিকড় বা ফলন তেমনভাবে হয়নি। তবে মাটিতে মাত্র ৫ শতাংশ কেঁচো সার মেশানোর পর থেকেই গাছে শিকড় গজাতে শুরু করে। ৩০ শতাংশ সার ব্যবহারের ফলে যে ফলন পাওয়া গেছে, তা পৃথিবীর সাধারণ মাটির ফলনের প্রায় সমান। মহাকাশ অভিযানে আলু অত্যন্ত উপযোগী একটি ফসল, কারণ এটি অল্প জায়গায় প্রচুর ক্যালোরি, পটাশিয়াম ও ভিটামিন সি সরবরাহ করতে সক্ষম।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই বিশেষ পরিবেশে জন্মানো আলুর পুষ্টিগুণ প্রায় অটুট রয়েছে এবং এতে ক্ষতিকর বিষাক্ত উপাদানের মাত্রা বাড়েনি। তবে কিছু নমুনায় ভারী ধাতুর উপস্থিতি সামান্য বেশি পাওয়া গেছে, যা নিয়ে আরও পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে। বর্তমানে এই পরীক্ষাটি পৃথিবীর গ্রিনহাউসে ছোট টবে করা হয়েছে, ফলে উৎপাদিত আলুর আকার বেশ ছোট। বড় পাত্রে চাষ করলে স্বাভাবিক আকারের আলু পাওয়া সম্ভব কি না, তা নিশ্চিত হতে ভবিষ্যতে আরও পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে বলে জানিয়েছেন গবেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *