পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আতঙ্ক রাজধানী লিমায়

পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আতঙ্ক রাজধানী লিমায়

পেরুর জুনিন শহরের উত্তর-পশ্চিমে ৬.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০৮ থেকে ১২৯ কিলোমিটার। রাজধানী লিমাসহ আনকাশ, ইকা, উকায়ালি, সেরো ডি পাসকো, হুয়ানুকো এবং ক্যালাও অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের তীব্রতায় লিমার মিরাফ্লোরেস জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শত শত মানুষ ভবন থেকে বেরিয়ে আসেন।

পেরুর প্রতিরক্ষা মন্ত্রী রাফায়েল বেলাউন্ডে জানিয়েছেন, ভূমিকম্পে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে জুনিনের বিভিন্ন এলাকায় ঘরবাড়ির সামান্য ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে। নিরাপত্তার খাতিরে হাইওয়েতে যান চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পেরুভিয়ান জিওফিজিক্যাল ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হার্নান্দো তাভেরা জানিয়েছেন, কম্পনের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস ও পাথর ধসে পড়ার ঘটনা ঘটেছে।

ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার (COEN) জানিয়েছে, ভূমিকম্পটি মাঝারি থেকে শক্তিশালী তীব্রতার ছিল এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। উল্লেখ্য, পেরু প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত হওয়ায় দেশটিতে নিয়মিত ভূমিকম্প অনুভূত হয়। সিসমোলজিস্টদের তথ্য অনুযায়ী, পেরুতে প্রতি বছর অন্তত ৪০০টি ভূমিকম্প হয়, যার বেশিরভাগই মৃদু প্রকৃতির। এর আগে জুলাই মাসে জুনিন অঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্পে ছয়জনের মৃত্যু হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *