বসিরহাটে কোটি টাকার ফেনসিডিল পাচারকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত

বসিরহাটে কোটি টাকার ফেনসিডিল পাচারকাণ্ডে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত মোমেন মোল্লা। গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাট জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং হাসনাবাদ থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ল সে।
ঘটনার সূত্রপাত গত রবিবার রাতে, যখন হাসনাবাদ থানার মুরারিশাহ বকুলতলা এলাকার একটি গোডাউনে বিএসএফ ও পুলিশ যৌথ অভিযান চালায়। সেখান থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। অভিযানের সময় গোডাউনের মালিক মোমেন মোল্লা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর থেকেই পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন ডেরায় লুকিয়ে থাকার সময় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, ধৃত ব্যক্তি শাসকদলের ঘনিষ্ঠ এবং দীর্ঘদিন ধরে পাচার চক্রের সঙ্গে যুক্ত। যদিও এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।