আইআইটি খড়্গপুরের ৭৫ বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী, সেমিকন্ডাক্টর প্রসঙ্গে বামেদের নিশানা মোদীর

আইআইটি খড়্গপুরের ৭৫ বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম এই আইআইটি প্রতিষ্ঠানের অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে তিনি ৭৫ টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা উন্মোচন করেন। প্রধানমন্ত্রী বলেন, গরুর গাড়ি থেকে বুলেট ট্রেনের যুগে ভারতের এই পরিবর্তনের সাক্ষী খড়্গপুর আইআইটি। ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
ছাত্রদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ জানানোই তাঁর স্বভাব। তিনি ‘ব্রেক দ্য লিমিট’ তত্ত্বের ওপর জোর দিয়ে বলেন, ভারত এখন নিজের স্বপ্ন ও প্রতিভাকে সীমাবদ্ধ করে রাখতে চায় না। দারিদ্র্য দূরীকরণ প্রসঙ্গে তিনি জানান, বিশ্বব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী ভারতে ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছেন। ক্ষমতায়নের মাধ্যমে দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নই সরকারের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
বামপন্থীদের তীব্র আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, পাঁচ দশক আগে একটি সেমিকন্ডাক্টর কোম্পানি ভারতে আসার সুযোগ পেয়েছিল, কিন্তু লাল ঝান্ডা দেখিয়ে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই সুযোগ হাতছাড়া হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার মাত্র চার বছরে সেমিকন্ডাক্টর ফেসিলিটি শুরু করেছে। মহাকাশ গবেষণার ক্ষেত্রেও যুবকদের জন্য ইসরোর দরজা খুলে দেওয়া হয়েছে বলে তিনি জানান। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আইআইটি খড়্গপুরের পড়ুয়াদের আত্মনির্ভর হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।