দুর্যোগের রাতে অনাথ তরুণীর বিয়ের দায়িত্ব কাঁধে তুলে নিলেন উস্তি থানার পুলিশকর্মীরা

দুর্যোগের রাতে অনাথ তরুণীর বিয়ের দায়িত্ব কাঁধে তুলে নিলেন উস্তি থানার পুলিশকর্মীরা

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর ভ্রুকুটির মধ্যেই ডায়মন্ড হারবারের দেউলার ‘আশরা শক্তি সদন’ হোমে এক মানবিক নজির গড়ল উস্তি থানা। অনাথ তরুণী রুমার বিয়ের আয়োজনে অভিভাবকের ভূমিকা পালন করলেন পুলিশকর্মীরা। বাবা-মা হীন রুমার বিয়ের দায়িত্ব নিয়ে থানার ওসি রাহুল কুমার ও তাঁর সহকর্মীরা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বিয়ের তোড়জোড় থেকে শুরু করে মণ্ডপ সাজানো, সবক্ষেত্রেই পুলিশকর্মীরা নিজেদের পরিবারের সদস্যের মতো দায়িত্ব পালন করেছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেই নির্ধারিত সময়ে বিয়ের আসর বসে। ওসি রাহুল কুমার নিজে দাঁড়িয়ে থেকে কন্যাদানের সমস্ত আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন। পুলিশের এই মানবিক রূপ দেখে স্থানীয় বাসিন্দারা আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের জন্য বিরিয়ানি ও মিষ্টিসহ নানা পদের খাবারের আয়োজন করা হয়েছিল। নবদম্পতি রুমা ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ জানাতে হোমের আবাসিক ও অতিথিরা উপস্থিত ছিলেন। আইনরক্ষক পুলিশের এই মানবিক উদ্যোগ পিতৃ-মাতৃহীন তরুণীর জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করল, যা এলাকায় প্রশংসিত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *