মুর্শিদাবাদে নিয়ন্ত্রণহীন টোটোর ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার সদরঘাট এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জবারানী সাহা (৬০) নামে এক প্রৌঢ়ার। শনিবার সকালে স্বামী সুকুমার সাহার সঙ্গে ভাগীরথী নদীতে স্নান ও পুজো দিতে এসেছিলেন তিনি। স্নান সেরে ঘাটের পাশে দাঁড়িয়ে কাপড় পরিবর্তনের সময় আচমকা একটি নিয়ন্ত্রণহীন টোটো তাঁকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, টোটোচালক গাড়িটি নদীর পাড়ে রেখে চা খেতে গিয়েছিলেন। সম্ভবত হ্যান্ডব্রেক না থাকায় টোটোটি গড়িয়ে ঢাল বেয়ে নিচে নেমে আসে এবং ওই প্রৌঢ়াকে ধাক্কা দেয়। ধাক্কার চোটে জবারানী নদীর ঘাটে পড়ে যান এবং টোটোটি তাঁকে ধাক্কা মারতে মারতে নদীর শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে গিয়ে তাঁর ওপর দিয়ে চলে যায়। এরপর টোটোটি এবং ওই প্রৌঢ়া দুজনেই নদীর জলে পড়ে যান।
নিহতের স্বামী সুকুমার সাহা জানান, চালকবিহীন টোটোটির ধাক্কায় তাঁর স্ত্রীর মাথা, থুতনি ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চালকের দায়িত্বজ্ঞানহীনতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন নিহতের পরিবার। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।