রাজস্থান পঞ্চায়েত নির্বাচনে বড় জয় কংগ্রেসের, পিছিয়ে বিজেপি

রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে বড় সাফল্য পেল কংগ্রেস। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ—উভয় ক্ষেত্রেই বিজেপিকে পিছনে ফেলে বিপুল আসনে জয়ী হয়েছে হাত শিবির। পঞ্চায়েত সমিতির মোট ৭ হাজার ৫৪৩টি আসনের মধ্যে কংগ্রেস ৩ হাজার ৭০১টি আসনে জয়লাভ করেছে, যেখানে বিজেপির ঝুলিতে গিয়েছে ২ হাজার ১৮১টি আসন।
জেলা পরিষদ নির্বাচনের ফলাফলেও কংগ্রেসের আধিপত্য স্পষ্ট। মোট ৩৭টি জেলা পরিষদের মধ্যে ২৫টিতে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে, বিজেপি ৯টি জেলা পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বাকি জেলা পরিষদগুলিতে অন্যান্য দল বা নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন। জেলা পরিষদের মোট ১ হাজার ২৭৫টি আসনের মধ্যে কংগ্রেস ৫৯৯টি এবং বিজেপি ৩০১টি আসনে জয় পেয়েছে।
অন্যান্য রাজনৈতিক দলগুলির মধ্যে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (RLP) পঞ্চায়েত সমিতিতে ৪৯৬টি আসন পেয়েছে। এছাড়া ভারত আদিবাসী পার্টি (BAP) ২৭৬টি, বহুজন সমাজ পার্টি (BSP) ৬০টি এবং আম আদমি পার্টি ২টি আসনে জয়ী হয়েছে। নির্দল প্রার্থীরা সব মিলিয়ে ৬২৭টি আসনে জয়লাভ করেছেন। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে রাজস্থানের পুরসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করলেও, এবারের গ্রামীণ নির্বাচনে কংগ্রেসের এই জয় বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।