রঘুনাথগঞ্জে নিয়ন্ত্রণহীন টোটোর ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ার

রঘুনাথগঞ্জের সদরঘাটে ভাগীরথী নদীতে স্নান সেরে ফেরার পথে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জবারানী নামে এক প্রৌঢ়া। জানা গিয়েছে, স্নান শেষে ঘাটের পাশে দাঁড়িয়ে কাপড় পরিবর্তন করার সময় হঠাৎই একটি নিয়ন্ত্রণহীন ফাঁকা টোটো তাঁকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় তিনি ভারসাম্য হারিয়ে নদীর ঘাটে পড়ে যান এবং টোটোটি তাঁকে ধাক্কা মারতে মারতে নদীর শেষ প্রান্তে নিয়ে গিয়ে তাঁর ওপর দিয়ে চলে যায়। এরপর টোটোটি এবং ওই প্রৌঢ়া দুজনেই নদীর জলে পড়ে যান।
প্রত্যক্ষদর্শীদের দাবি, টোটোচালক গাড়িটি নদীর পাড়ে রেখে চা খেতে গিয়েছিলেন। সম্ভবত হ্যান্ডব্রেক না লাগানো থাকায় টোটোটি গড়িয়ে নদীর ঢাল বরাবর নিচে নেমে আসে। এই ঘটনার সময় জবারানী ঘাটের একপাশে দাঁড়িয়ে ছিলেন। চালকবিহীন টোটোটি তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর জখম হন। তাঁর মাথা, থুতনি ও শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার স্বামী সুকুমার জানিয়েছেন, তাঁরা দুজনে ঘাটের দুই প্রান্তে দাঁড়িয়ে ছিলেন। চালকের দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।