সোশ্যাল মিডিয়ায় প্রচার দেখে ফেয়ারনেস ক্রিম ব্যবহার, কিডনি বিকল কিশোরীর

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রচার দেখে অনলাইনে কেনা একটি ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে ১৭ বছর বয়সী এক কিশোরী গুরুতর কিডনি রোগে আক্রান্ত হয়েছে। কেরলের মালাপ্পুরমের একটি হাসপাতালে চিকিৎসার সময় চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘ এক বছর ধরে ওই ক্রিমটি ব্যবহারের ফলে কিশোরীর রক্তচাপ কমে যাওয়া, অজ্ঞান হয়ে পড়া এবং পা ফুলে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়।
চিকিৎসকদের মতে, ওই কিশোরী ‘মেমব্রেনাস নেফ্রোপ্যাথি’ নামক কিডনির জটিল সমস্যায় ভুগছে। মেডিকেল পরীক্ষায় তার রক্ত ও শরীরে অত্যন্ত বিপজ্জনক মাত্রায় পারদ পাওয়া গিয়েছে। ক্রিমটি পরীক্ষা করে দেখা গেছে, তাতে ১২,৫০০ পার্টস পার মিলিয়ন মাত্রায় পারদ রয়েছে, যা অনুমোদিত মাত্রার চেয়ে কয়েক হাজার গুণ বেশি। চিকিৎসকদের দাবি, এই পারদই কিশোরীর কিডনির ফিল্টারিং ইউনিটের মারাত্মক ক্ষতি করেছে।
ইনস্টাগ্রামের বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে কিশোরীটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্রিমটি অর্ডার করেছিল। শারীরিক সমস্যার কথা কোম্পানিকে জানালেও তারা কোনো সদুত্তর দেয়নি। বর্তমানে কিশোরীর পরিবার ওই কোম্পানির বিরুদ্ধে ভোক্তা আদালতে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চিকিৎসকরা সাধারণ মানুষকে সতর্ক করে জানিয়েছেন, দ্রুত ত্বকের রঙ পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়া বিজ্ঞাপন থেকে সাবধান থাকা উচিত এবং ত্বকের যেকোনো সমস্যায় চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।