আইআইটি খড়গপুরের ৭৫ বছর: পড়ুয়াদের ‘নেশন ফার্স্ট’-এর মন্ত্র দিলেন প্রধানমন্ত্রী

আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গ উদ্ভাবন ও নতুন ভাবনার জন্মভূমি। গত ৭৫ বছরে ভারত গরুর গাড়ির যুগ পেরিয়ে আজ বুলেট ট্রেনের যুগে প্রবেশ করেছে। এই রূপান্তর কেবল পরিকাঠামোর উন্নয়ন নয়, বরং বিজ্ঞান ও প্রযুক্তিতে ভারতের ক্রমবর্ধমান সক্ষমতারই প্রতিফলন।
সেমিকন্ডাক্টর মিশনের সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী অতীতের প্রসঙ্গ টেনে বামেদের নিশানা করেন। তিনি জানান, ৫০ বছর আগে সেমিকন্ডাক্টর তৈরির একটি সংস্থা ভারতে এলেও লাল ফিতার জেরে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছিল। তবে বর্তমান সরকার মাত্র চার বছরে চিপ তৈরির ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে। আজ ভারত শুধু চিপ তৈরিই করছে না, বিদেশে রফতানিও করছে। এই সাফল্যের নেপথ্যে আইআইটি খড়গপুরের প্রাক্তনীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত পড়ুয়াদের উদ্দেশে প্রধানমন্ত্রী ‘নেশন ফার্স্ট’ বা দেশকে সবার আগে রাখার বার্তা দেন। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে আইআইটি খড়গপুরের পড়ুয়ারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সেই স্বপ্ন পূরণের জন্য পড়ুয়াদের দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।