মারুতি প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে ইন্দিরা জমানাকে নিশানা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ইন্দিরা গান্ধী জমানার মারুতি প্রকল্প নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, বিদেশি নাগরিক থাকাকালীনই সনিয়া গান্ধী মারুতি টেকনিক্যাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর এবং ৫০ শতাংশ শেয়ারহোল্ডার ছিলেন। তৎকালীন নিয়মে কোনো বিদেশি নাগরিকের ভারতীয় সংস্থার পরিচালকের পদে থাকার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। দুবের অভিযোগ, সরকারি ক্ষমতা ব্যবহার করে গান্ধী পরিবারের ব্যবসায়িক স্বার্থকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল।
সাংসদের দাবি, সংস্থাটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার আগেই ১৯৬৮ সালে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে গাড়ি তৈরির অনুমোদন পেয়েছিল। ১৯৭২ সালে সঞ্জয় গান্ধী সরকারি খরচে বিদেশ সফর করেছিলেন বলেও তিনি অভিযোগ করেন। এছাড়া প্রধানমন্ত্রীর দফতরে বেসরকারি সংস্থার অফিসের ব্যবস্থা এবং তৎকালীন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী আর কে ধবনের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। হরিয়ানার তৎকালীন নিয়ম লঙ্ঘন করে সনিয়া গান্ধীর নামে জমি বরাদ্দের বিষয়টিও তাঁর অভিযোগে উঠে এসেছে।
নিশিকান্ত দুবের আরও অভিযোগ, মারুতি সংস্থার উৎপাদন শুরুর আগেই বিভিন্ন রাজ্য সরকারকে বাস বডি তৈরির জন্য অগ্রিম টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সরকারি সংস্থা থেকে সিমেন্ট, ইস্পাত ও কয়লার মতো প্রয়োজনীয় সামগ্রী বিনা মূল্যে পাওয়ার বিষয়টি নিয়েও তিনি সরব হয়েছেন। ব্যক্তিগত বিনিয়োগ ছাড়াই কীভাবে এই ব্যবসায়িক উদ্যোগ গড়ে উঠেছিল, তা নিয়ে ব্যাখ্যা চেয়েছেন তিনি। ১৯৭৭ সালে সঞ্জয় গান্ধীর মারুতি প্রকল্প নিয়ে গঠিত তদন্ত কমিশনের প্রসঙ্গ টেনে এই পুরনো বিতর্ককে তিনি নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছেন।