সপ্তম ও অষ্টম শ্রেণির জন্য নতুন সংস্কৃত পাঠ্যবই আনল রাজ্য শিক্ষা দফতর

রাজ্যের সপ্তম ও অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য নতুন সংস্কৃত পাঠ্যবই প্রকাশ করল শিক্ষা দফতর। সপ্তম শ্রেণির জন্য ‘অরুণ’ এবং অষ্টম শ্রেণির জন্য ‘কিরণ’ নামে এই বই দুটি তৈরি করা হয়েছে। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানিয়েছেন, ভাষা শিক্ষার প্রসারের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই বইয়ের সঙ্গে ধর্মশিক্ষার কোনো সম্পর্ক নেই বলে তিনি স্পষ্ট করেছেন।
নতুন এই বইগুলোতে দৈনন্দিন জীবনে ব্যবহৃত কথোপকথন সংস্কৃত ভাষার মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রাচীন ভাষা হিসেবে নয়, বরং বর্তমান সময়েও সংস্কৃতের ব্যবহারিক প্রয়োগের ওপর জোর দেওয়া হয়েছে। বইগুলোতে প্রচুর ছবি ব্যবহার করা হয়েছে, যার মধ্যে সপ্তম শ্রেণির বইয়ে ৪৫০টিরও বেশি ছবি রয়েছে। এছাড়া পড়ুয়াদের অনুশীলনের জন্য বইয়ের মধ্যেই প্রশ্নোত্তর লেখার পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে।
শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে বইগুলোতে কমিকসও অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য এবং ‘বন্দে মাতরম’-এর মতো বিষয়গুলোও বইয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষকদের জন্য বিশেষ পরামর্শও রাখা হয়েছে এই পাঠ্যবইগুলোতে। আগের প্রচলিত বইয়ের তুলনায় নতুন এই বইগুলোর বিষয়বস্তু ও পড়ানোর পদ্ধতিতে বিশেষত্ব রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।