আর্জেন্টিনায় ফুটবল ম্যাচে বিপক্ষ খেলোয়াড়ের লাথিতে মৃত্যু ১৮ বছরের ফুটবলারের

আর্জেন্টিনায় ফুটবল ম্যাচে বিপক্ষ খেলোয়াড়ের লাথিতে মৃত্যু ১৮ বছরের ফুটবলারের

আর্জেন্টিনার যুব দলের চতুর্থ ডিভিশনের একটি ফুটবল ম্যাচে মর্মান্তিক মৃত্যু হলো ১৮ বছর বয়সী ফুটবলার আবেল নুনেজ়ের। এফসি এজ়েইজ়া বনাম ডিপোর্টিভো মুনিজ়ের মধ্যকার এই ম্যাচে বল দখলের লড়াই চলাকালীন বিপক্ষ দলের এক ফুটবলারের লাথির আঘাতে গুরুতর আহত হন নুনেজ়। এজ়েইজ়ার হয়ে খেলা এই তরুণ ফুটবলার বল অনুসরণ করে সাইডলাইনের দিকে এগিয়ে যাওয়ার সময় বিপক্ষ দলের এক ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গিয়ে সজোরে লাথি মারেন, যা সরাসরি নুনেজ়ের মাথায় আঘাত করে।

মাঠেই লুটিয়ে পড়েন নুনেজ়। প্রত্যক্ষদর্শীদের মতে, আঘাতটি এতটাই তীব্র ছিল যে তা বক্সিংয়ের নকআউটের মতো মনে হয়েছে। ঘটনার পর চিকিৎসক দ্রুত মাঠে প্রবেশ করে তাকে পরীক্ষা করেন, কিন্তু নুনেজ় শ্বাস নিতে পারছিলেন না বলে জানা যায়। প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, মাথায় আঘাতের ফলে তার মাথার হাড় ভেঙে যায় এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় আর্জেন্টিনার ফুটবল মহলে শোকের ছায়া নেমে এসেছে। এফসি এজ়েইজ়া ক্লাবের পক্ষ থেকে তরুণ এই ফুটবলারের মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি স্পেনের একটি ফুটবল ম্যাচে গোলকিপারের সঙ্গে সংঘর্ষে জেসাস দে মিগুয়েল নামে এক ফুটবলারের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এমন মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল ফুটবল বিশ্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *