কলকাতা মেডিক্যাল কলেজে অশান্তি: তদন্তে তিন সদস্যের কমিটি গঠন স্বাস্থ্যভবনের

কলকাতা মেডিক্যাল কলেজে বুধবার রাতের অশান্তির ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করল স্বাস্থ্যভবন। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের এমএসভিপি দিবাকর হালদার, মেডিক্যাল কলেজের অ্যানাস্থেসিওলজি বিভাগের প্রধান সোমনাথ দে এবং গ্যাস্ট্রোএনটারোলজি বিভাগের দীপঙ্কর রায়কে এই কমিটিতে রাখা হয়েছে। শুক্রবার থেকে কমিটি তাদের কাজ শুরু করবে। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, তদন্তের মূল লক্ষ্য হবে বুধবার রাতে অধ্যক্ষের কার্যালয়ে জুনিয়র চিকিৎসকদের আচরণ এবং বহিরাগতদের ভূমিকা খতিয়ে দেখা। প্রয়োজনে পুলিশি সহায়তাও নেওয়া হবে।
হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, বুধবার রাতে ১০-১৫ জন ইন্টার্ন অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালান এবং দুই অধ্যাপককে শারীরিক নিগ্রহ করেন। সিসিটিভি ফুটেজে অকথ্য ভাষায় গালিগালাজ ও দুর্ব্যবহারের প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি এই ঘটনায় জড়িতদের ‘মানসিক মাওবাদী’ আখ্যা দিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি অভিযুক্তদের রেজিস্ট্রেশন বাতিলের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। ঘটনার পর থেকে অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস অসুস্থতার কারণে ছুটিতে রয়েছেন বলে জানা গিয়েছে।
অন্যদিকে, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দাবি, বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে হামলা চালিয়েছে এবং অধ্যক্ষের ঘরের করিডরের কাচ ভেঙেছে। তাঁদের অভিযোগ, এবিভিপি ও এনএমও-র সদস্যরা এই হামলার সঙ্গে যুক্ত। জুনিয়র চিকিৎসকদের একাংশ স্বাস্থ্যমন্ত্রীর এই পদক্ষেপকে প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা বলে অভিহিত করেছেন। বৃহস্পতিবার মেডিক্যাল কলেজ চত্বরে পাল্টাপাল্টি মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিভিন্ন চিকিৎসক সংগঠন ও সরকারি কর্মচারী সংগঠনের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটির রিপোর্টের অপেক্ষায় রয়েছে স্বাস্থ্যভবন।