উত্তরপাড়ায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু মুম্বইয়ের ফিল্ম ডিরেক্টরের স্ত্রী ও মেয়ের

উত্তরপাড়া স্টেশনে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো মুম্বইয়ের এক ফিল্ম ডিরেক্টরের স্ত্রী ও মেয়ের। মৃতদের নাম আভা ঝা (৪৮) এবং তাঁর মেয়ে প্রগতি ঝা (১৯)। জানা গিয়েছে, তাঁরা মুম্বইয়ের বাসিন্দা এবং ছট পূজা উপলক্ষে ধানবাদে গিয়েছিলেন। সেখান থেকে উত্তরপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
পরিবার সূত্রে খবর, প্রগতি মুম্বইয়ে আইন নিয়ে পড়াশোনা করতেন এবং তিনি একজন জাতীয় স্তরের খেলোয়াড় ছিলেন। ঘটনার দিন রাত ১১টা নাগাদ উত্তরপাড়া স্টেশন এলাকায় রেললাইন পার হওয়ার সময় বৈশালী এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পরদিন তাঁদের মুম্বই ফেরার ফ্লাইট ছিল। স্টেশনে দাঁড়ানো অবস্থায় সেলফি তোলার পরই এই বিপত্তি ঘটে বলে প্রাথমিক তথ্যে জানা গিয়েছে।
এই ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা বেলুড় জিআরপি থানায় পৌঁছান। মৃতদের আত্মীয় চন্দন কুমার ঝা জানিয়েছেন, তাঁরা এই কঠিন সময়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা পাচ্ছেন। আকস্মিক এই দুর্ঘটনায় গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।