ফিফায় সাইবার হামলা: ১২ জিবি তথ্য ফাঁসের দাবি হ্যাকারদের

ফিফায় সাইবার হামলা: ১২ জিবি তথ্য ফাঁসের দাবি হ্যাকারদের

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সাইবার হামলার শিকার হয়েছে। হ্যাকারদের একটি গোষ্ঠী দাবি করেছে যে, তারা ফিফার অভ্যন্তরীণ ১২ গিগাবাইটেরও বেশি তথ্য হাতিয়ে নিয়েছে। গত সপ্তাহে ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামে একটি গোষ্ঠী এক্স প্ল্যাটফর্মে ফিফার কিছু নথির স্ক্রিনশট শেয়ার করার পর বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই তারা এই সাইবার হামলার দায় স্বীকার করে।

ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, একটি অপরাধমূলক সাইবার হামলার মাধ্যমে তাদের কিছু ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অবৈধ প্রবেশ ঘটেছে। পরিস্থিতি মোকাবিলায় সংস্থাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। তবে ঠিক কবে এই হামলা হয়েছে বা কতজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে বিষয়ে ফিফা কোনো স্পষ্ট তথ্য দেয়নি। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের দাবি, ফিফার মোট সংরক্ষিত তথ্যের ০.১ শতাংশেরও কম অংশ এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, বাতিল হয়ে যাওয়া ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের কোনো ফাইল হ্যাকারদের হাতে যায়নি। এছাড়া ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির পরিত্যক্ত পরিকল্পনা সংক্রান্ত নথিও নিরাপদ রয়েছে। গত জুলাই মাসে ইনফান্তিনো জানিয়েছিলেন, ব্যাপক সমালোচনার মুখে বিশ্বকাপের অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা বাতিল করা হয়েছে।

ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছে ফিফা। সংস্থাটি সতর্ক করে বলেছে, এই ধরনের কর্মকাণ্ড গোপনীয়তার এক গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন, যা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। হ্যাকারদের পরিচয় বা ফাঁস হওয়া তথ্যের প্রকৃত পরিমাণ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেয়নি বিশ্ব ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *