মায়ের পুনর্বিবাহে সন্তানের প্রতি বাবার দায়িত্ব শেষ হয় না, জানাল কলকাতা হাই কোর্ট

মায়ের পুনর্বিবাহে সন্তানের প্রতি বাবার দায়িত্ব শেষ হয় না, জানাল কলকাতা হাই কোর্ট

নাবালিকা মেয়ের ভরণপোষণের দায়িত্ব বাবাকেই নিতে হবে বলে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। নিম্ন আদালতের রায় বহাল রেখে বিচারপতি অজয়কুমার গুপ্ত জানিয়েছেন, গার্হস্থ্য হিংসার মামলায় সন্তানের জন্য আর্থিক সাহায্যের নির্দেশ দেওয়ার মধ্যে কোনো আইনি ত্রুটি নেই। আদালত নির্দেশ দিয়েছে, ওই ব্যক্তিকে তাঁর নাবালিকা মেয়ের জন্য প্রতি মাসে ৩৫০০ টাকা খোরপোষ দিতে হবে।

মামলার বিবরণে জানা যায়, দাম্পত্য কলহ ও গার্হস্থ্য হিংসার জেরে স্ত্রী ছোট মেয়েকে নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে চলে যান। পরে তাঁদের বিবাহবিচ্ছেদ হয় এবং স্ত্রী পুনরায় বিয়ে করেন। ছোট মেয়ের ভরণপোষণের দাবিতে স্ত্রী বারাসত আদালতে মামলা করলে আদালত বাবাকে মাসে ৩৫০০ টাকা দেওয়ার নির্দেশ দেয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে আবেদন জানান ওই ব্যক্তি। তাঁর দাবি ছিল, তিনি পেশায় কৃষক এবং তাঁর মাসিক আয় মাত্র ৩০০০ টাকা, তাই এই পরিমাণ অর্থ দেওয়া তাঁর পক্ষে অসম্ভব।

আবেদনকারীর যুক্তি ছিল, মেয়ে নিজে গার্হস্থ্য হিংসার শিকার নয়, তাই সে ভরণপোষণ পাওয়ার যোগ্য নয়। তবে বিচারপতি গুপ্ত এই যুক্তি খারিজ করে দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণ, গার্হস্থ্য হিংসার আইনে নির্যাতনের শিকার মহিলার পাশাপাশি তাঁর সন্তানদের ভরণপোষণের বিষয়টিও স্পষ্ট রয়েছে। সন্তানকে আলাদা করে নির্যাতনের শিকার হিসেবে প্রমাণ করার প্রয়োজন নেই। আদালত আরও স্পষ্ট করেছে যে, বিবাহবিচ্ছেদ বা মায়ের পুনর্বিবাহের কারণে সন্তানের সঙ্গে বাবার সম্পর্ক মুছে যায় না এবং এর ফলে বাবার দায়িত্বও শেষ হয়ে যায় না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *