হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে এখনই যাচাই করুন এই ৫টি জরুরি সেটিংস

বর্তমান সময়ে সাইবার অপরাধীরা বিভিন্ন কৌশলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা চালাচ্ছে। ব্যবহারকারীর চ্যাট, ছবি ও ভিডিওর মতো গুরুত্বপূর্ণ তথ্য ক্লাউড ব্যাকআপে সংরক্ষিত থাকে, যা হ্যাকারদের মূল লক্ষ্যবস্তু হয়ে ওঠে। তাই কেবল ফোনের লক দিয়ে নিশ্চিন্ত না থেকে অ্যাপের ভেতরে থাকা নিরাপত্তা সেটিংসগুলো নিয়মিত যাচাই করা প্রয়োজন।
নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমেই টু-স্টেপ ভেরিফিকেশন চালু করুন এবং ছয় সংখ্যার পিন ও রিকভারি ইমেইল সেট করুন। পাশাপাশি চ্যাট ব্যাকআপ অপশনে গিয়ে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ সক্রিয় আছে কি না তা নিশ্চিত করুন। এছাড়া লিঙ্কড ডিভাইসের তালিকায় কোনো অচেনা ব্রাউজার বা ডিভাইস থাকলে তা দ্রুত লগ আউট করে দিন।
প্রাইভেসি সেটিংস থেকে অজানা কল সাইলেন্ট করার সুবিধা চালু রাখুন এবং ব্যক্তিগত চ্যাট সুরক্ষিত রাখতে লক চ্যাট ফিচারটি ব্যবহার করুন। অপরিচিত নম্বর থেকে আসা সন্দেহজনক লিংক বা ফাইল খোলা থেকে বিরত থাকুন। নিয়মিত গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ও ফোনের সিস্টেম আপডেট চেক করা জরুরি।
পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করে সংবেদনশীল কাজ করা এড়িয়ে চলাই শ্রেয়। অনেক সময় পরিচিত ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণামূলক বার্তা পাঠানো হয়, তাই যেকোনো লিংকে ক্লিক করার আগে সতর্ক থাকা প্রয়োজন। এই সাধারণ পদক্ষেপগুলো মেনে চললে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বজায় রাখা সম্ভব হবে।