সৈয়দ মুস্তাক আলি ট্রফি: ইডেনে বিদর্ভের মুখোমুখি সূর্যকুমার, মিজোরামের বিরুদ্ধে নামছে বাংলা
সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে শুক্রবার ইডেন গার্ডেন্সে বিদর্ভের বিরুদ্ধে মাঠে নামছেন মুম্বইয়ের অধিনায়ক সূর্যকুমার যাদব। এতদিন সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ম্যাচ খেললেও, এবার ইডেনে তাঁর ব্যাটিং দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। সূর্যকুমারের বিধ্বংসী ব্যাটিং দেখার জন্য গ্যালারিতে ভিড় জমার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, টুর্নামেন্টে টানা দুটি ম্যাচ জিতে ছন্দে ফিরেছে লক্ষ্মীরতন শুক্লার বাংলা দল। শুক্রবার তাদের প্রতিপক্ষ মিজোরাম। শক্তির বিচারে মিজোরামের তুলনায় বাংলা অনেকটাই এগিয়ে রয়েছে। মিজোরাম তাদের খেলা তিনটি ম্যাচেই হেরে ‘এ’ গ্রুপে পয়েন্ট তালিকার একেবারে নিচে অবস্থান করছে। তাই এই ম্যাচে বড় ব্যবধানে জয় তুলে নেওয়াই লক্ষ্য অভিমন্যু ঈশ্বরনদের।
বাংলার অধিনায়ক অভিমন্যু আগের ম্যাচে রান পেয়েছেন এবং এই ম্যাচেও সেই ফর্ম বজায় রেখে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইছেন। এছাড়া অভিষেক পোড়েলও ভালো ছন্দে রয়েছেন। দলের বোলাররাও ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছেন। তবে মহম্মদ সামি এখনও পর্যন্ত বড় কোনো ছাপ ফেলতে পারেননি। মিজোরামের মতো দলের বিরুদ্ধে সামিকে বিশ্রাম দেওয়া হবে নাকি তিনি বল হাতে জ্বলে উঠবেন, তা নিয়ে কৌতূহল রয়েছে।