বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা: লকডাউনে অচল দক্ষিণবঙ্গ, বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা: লকডাউনে অচল দক্ষিণবঙ্গ, বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ

আওয়ামি লিগের ডাকা লকডাউন কর্মসূচির জেরে বাংলাদেশের দক্ষিণাঞ্চল কার্যত অচল হয়ে পড়েছে। পরিবহণ, সরকারি-বেসরকারি অফিস ও গার্মেন্ট শিল্পের পাশাপাশি মোংলা বন্দরে পণ্য পরিবহণও বন্ধ রয়েছে। গোপালগঞ্জের কাশিয়ানিতে বিএনপির এমপি সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া মুকসুদপুর থানা ভবনে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, যেখানে অন্তত দশটি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ঢাকা-খুলনা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন রাস্তায় গাছ ফেলে অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের নয়টি ট্রেনের চলাচল বন্ধ রাখা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ ও গাজীপুরসহ সাতটি জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গত দুদিনে ঢাকায় ছয়শোর বেশি আওয়ামি লিগ, ছাত্রলিগ ও যুবলিগ সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। এছাড়া বরিশাল, রাজশাহী ও ঢাকায় একাধিক প্রাক্তন মন্ত্রী ও জনপ্রতিনিধির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। পেট্রলবোমা ও হাতবোমার আতঙ্কে সাধারণ মানুষ রাস্তায় বের হওয়া থেকে বিরত থাকছেন।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ভারত, আমেরিকা, যুক্তরাজ্য, চিন ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা বৈঠক করেছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, গার্মেন্ট কর্মীদের আন্দোলন ও গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। মধ্য ডিসেম্বরের আগেই পরিস্থিতি শান্ত না হলে রাজনৈতিক অবনতির আশঙ্কার কথাও বিদেশমন্ত্রীকে জানানো হয়েছে। এদিকে, হিংসা মোকাবিলায় রাজপথে থাকার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলের ঐক্যজোট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *