ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে জিয়ানি ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এল দুই নাম
ফিফা প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। বর্তমান প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে ফ্রান্স ফুটবল সংস্থার প্রেসিডেন্ট ফিলিপে দিয়ালো এবং জাপানের কোজ়ো তাশিমার নাম উঠে এসেছে। জুরিখের দপ্তরে এই দুই প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী বছর ১৮ মার্চ মরক্কোর রাবাতে ফিফার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
মনোনয়ন জমা দিলেও দিয়ালো ও তাশিমার প্রার্থিতা চূড়ান্ত নয়। ফিফার তিন সদস্যের একটি ইলেকটোরাল কমিটি এই মনোনয়ন পত্রগুলো পরীক্ষা করে দেখবে। আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে সদস্য সংস্থাগুলোকে চূড়ান্ত প্রার্থীদের নাম জানিয়ে দেওয়া হবে। ২০১৬ সাল থেকে ফিফার দায়িত্ব সামলাচ্ছেন ইনফান্তিনো। ২০২৩ সালের নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। ২০২৭ সালের নির্বাচনে জয়ী হলে তিনি ২০৩১ সাল পর্যন্ত টানা ১৫ বছর এই পদে বহাল থাকবেন।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার অন্দরে ইনফান্তিনোর বিরুদ্ধে কিছু বিরোধিতা থাকলেও, তাকেই নির্বাচনের ফেভারিট হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন ফুটবল সংস্থাকে বড় অঙ্কের অনুদান দেওয়ার কারণে অধিকাংশ সদস্য দেশই তার পক্ষে রয়েছে। দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার ফুটবল সংস্থাগুলোও ইনফান্তিনোর প্রতি সমর্থন বজায় রেখেছে। তবে ইউরোপীয় ফুটবল সংস্থাগুলোর একাংশের মধ্যে তার বিরুদ্ধে কিছুটা মতপার্থক্য রয়েছে বলে মনে করা হচ্ছে।