রাতে ওয়াই-ফাই বন্ধ রাখা কি জরুরি? কী বলছে বিজ্ঞান

বর্তমান সময়ে ওয়াই-ফাই রাউটার ও মোবাইল ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। অনেকের মনেই প্রশ্ন জাগে, রাতে ঘুমানোর সময় ওয়াই-ফাই বা মোবাইল ডেটা চালু রাখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কি না। ওয়াই-ফাই রাউটার থেকে যে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত হয়, তা এক্স-রে বা গামা রশ্মির মতো শক্তিশালী নয়। বিজ্ঞানীদের মতে, বাড়িতে ব্যবহৃত ওয়াই-ফাই সিগন্যাল নির্ধারিত নিরাপত্তা সীমার মধ্যেই থাকে এবং এটি সরাসরি ডিএনএ-র ক্ষতি করে এমন কোনো নিশ্চিত প্রমাণ এখনও পাওয়া যায়নি।
কিছু গবেষণায় ইলেকট্রনিক ডিভাইসের সঙ্গে ঘুমের সমস্যার যোগসূত্র পাওয়া গেলেও, শুধুমাত্র ওয়াই-ফাই সিগন্যালের কারণে ঘুমের ব্যাঘাত ঘটে এমন কোনো অকাট্য প্রমাণ নেই। বিশেষজ্ঞদের মতে, রাতে দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং বা গেম খেলার ফলে মস্তিষ্ক শান্ত হতে পারে না, যা ঘুমের মান কমিয়ে দেয়। বিশেষ করে শিশু ও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে রাতে মোবাইল ব্যবহার থেকে বিরত থাকাই শ্রেয়, কারণ এটি তাদের চোখ ও মস্তিষ্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি শাখা ২০১১ সালে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে সম্ভাব্য ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে তালিকাভুক্ত করলেও, এর অর্থ এই নয় যে ওয়াই-ফাই ব্যবহার করলেই ক্যান্সার হবে। স্বাস্থ্যগত দিক থেকে রাতে ওয়াই-ফাই বন্ধ রাখা বাধ্যতামূলক না হলেও, ঘুমানোর সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখলে বেশ কিছু সুবিধা পাওয়া যায়। এর ফলে বিদ্যুৎ সাশ্রয় হয়, ফোনের চার্জ দীর্ঘস্থায়ী হয় এবং নোটিফিকেশনের আওয়াজে ঘুমের ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকে না।