সব ভাষায় রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ করার পথে রাজ্য সরকার, ৯ ডিসেম্বর বিধানসভায় প্রস্তাব

সব ভাষায় রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ করার পথে রাজ্য সরকার, ৯ ডিসেম্বর বিধানসভায় প্রস্তাব

রাজ্যের নাম পরিবর্তনের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল রাজ্য মন্ত্রিসভা। এবার থেকে সব ভাষাতেই রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে আগামী ৯ ডিসেম্বর বিধানসভায় একটি প্রস্তাব আনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় এই প্রস্তাব পাশ হওয়ার পর তা ভারত সরকারের কাছে পাঠানো হবে। এরপর সাংবিধানিক ও আইনি প্রক্রিয়া মেনে সংসদ ও কেন্দ্র সরকার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৯৪৭ সালের ২০ জুন পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাস রয়েছে, তাই রাজ্যের নাম ‘ওয়েস্ট বেঙ্গল’-এর পরিবর্তে ‘পশ্চিমবঙ্গ’ হওয়াই যুক্তিযুক্ত। প্রশাসনিক স্তরে বিভিন্ন সরকারি তালিকায় নামের আদ্যক্ষর ‘ডব্লিউ’ হওয়ার কারণে রাজ্যের নাম তালিকার নিচের দিকে থাকত। নাম ‘পশ্চিমবঙ্গ’ হলে তালিকার উপরের দিকে জায়গা পাওয়া যাবে বলে মনে করছে শাসকদল। এর আগে রাজ্য সরকার রাজ্যের নাম ‘বাংলা’ করার প্রস্তাব দিলেও তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন পায়নি।

রাজ্যের নাম পরিবর্তনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সাংবিধানিক প্রক্রিয়া রয়েছে। বিধানসভায় প্রস্তাব পাশ হওয়ার পর তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হয়। এরপর রাষ্ট্রপতির সুপারিশক্রমে বিলটি লোকসভা ও রাজ্যসভায় পেশ করতে হয়। উভয় কক্ষে বিলটি পাশ হওয়ার পর রাষ্ট্রপতির চূড়ান্ত সম্মতি মিললেই রাজ্যের নতুন নাম কার্যকর হয়। তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, কেন্দ্রীয় অনুষ্ঠানগুলিতে রাজ্যের নাম ‘ওয়েস্ট বেঙ্গল’ হওয়ার কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, যা প্রশাসনিক কাজের ক্ষেত্রে অসুবিধাজনক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *