এসআইআর সংক্রান্ত মামলায় অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের, নাম অন্তর্ভুক্তিতে অগ্রাধিকারের নির্দেশ

পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ফলে সাধারণ মানুষ সামাজিক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে সুপ্রিম কোর্টে অভিযোগ জানান আইনজীবী প্রশান্ত ভূষণ। শুনানির সময় তিনি দাবি করেন, খোদ মুখ্যমন্ত্রী এই বিষয়ে মন্তব্য করেছেন। এর প্রেক্ষিতে শীর্ষ আদালত জানায়, মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিক। আদালত স্পষ্ট করে যে, বাস্তবে এমন কোনো সমস্যা হলে ভুক্তভোগীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন। তবে আদালত এই বিষয়ে রাজ্য সরকারের কাছেও মতামত জানতে চেয়েছে।
সোমবারের শুনানিতে সুপ্রিম কোর্ট এসআইআর সংক্রান্ত আপিল নিষ্পত্তির বিষয়ে বেশ কিছু অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, মোট ৩৮ লক্ষ আবেদনের মধ্যে যাঁরা পুনরায় নাম যুক্ত করার জন্য আবেদন করেছেন, তাঁদের আবেদন অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে। আপাতত নাম বাদ দেওয়ার আবেদনগুলোর নিষ্পত্তি স্থগিত রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে। এছাড়া কলকাতা পুরসভা এলাকার বিধানসভা কেন্দ্রগুলোতে নাম অন্তর্ভুক্তির আবেদন এবং নাম বাদ দেওয়ার আবেদনগুলো আলাদা করে বাছাই করার জন্য নির্বাচন কমিশনকে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি এবং নতুন স্থান নির্বাচনের বিষয়েও আদালত গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। কলকাতা শহরের মধ্যে আরও সুবিধাজনক ও দৃশ্যমান জায়গায় এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এই স্থান নির্বাচনের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল যে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রভাব কেবল ভোটার তালিকাতেই সীমাবদ্ধ থাকবে, অন্য কোনো সরকারি প্রকল্পের ওপর এর প্রভাব পড়বে না।