কলকাতা পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে রাজ্য

কলকাতা পুরনিগমের ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চে এই মামলার শুনানি হয়। কলকাতা পুর আইনের ৬০১ নম্বর ধারা অনুযায়ী, ওয়ার্ড পুনর্বিন্যাসের জন্য পুরনিগমের কাছ থেকে সুপারিশ ও প্রস্তাব পাওয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু নির্বাচিত বোর্ড না থাকায় বর্তমানে পুরনিগমের অস্তিত্ব নেই। এই পরিস্থিতিতে কার সুপারিশে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিল, তা নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত।
শুনানিতে রাজ্যের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ১৯৮৪ সালের পর থেকে ওয়ার্ড পুনর্বিন্যাস না হওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর দাবি, রাজ্য সরকারই পুরো প্রক্রিয়াটি পরিচালনা করেছে এবং ৫ থেকে ১৩ অগস্ট পর্যন্ত খসড়া প্রকাশ করে জনমত নেওয়া হয়েছিল। এরপর সর্বদলীয় বৈঠক ডেকে ২৮৫টিরও বেশি আপত্তি খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আদালতের পর্যবেক্ষণ, প্রশাসক নিজে কর্পোরেশন নন, তাই তাঁর কাছ থেকে পাওয়া প্রস্তাব কীভাবে কর্পোরেশনের আনুষ্ঠানিক সুপারিশ হিসেবে গণ্য হতে পারে, তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যার প্রয়োজন রয়েছে।
এর আগে কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেছিল এবং মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুর নির্বাচন ঘোষণা না করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। বর্তমানে ওয়ার্ড পুনর্বিন্যাস এবং পুর নির্বাচনের ভবিষ্যৎ পুরোপুরি শীর্ষ আদালতের পরবর্তী নির্দেশের ওপর নির্ভর করছে। বুধবার এই মামলার পরবর্তী শুনানিতে সলিসিটর জেনারেলকে রাজ্যের পক্ষ থেকে বিস্তারিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।