১৫ মিনিটেই তৈরি রেস্তোরাঁ স্টাইলের গার্লিক কোরিয়েন্ডার প্রন

বাড়িতেই খুব সহজে তৈরি করা যায় রেস্তোরাঁ স্টাইলের গার্লিক কোরিয়েন্ডার প্রন। এই পদটি তৈরি করতে মাত্র ১৫ মিনিট সময় লাগে। এটি স্ন্যাকস বা স্টার্টার হিসেবে যেমন দারুণ, তেমনই ফ্রায়েড রাইস বা গার্লিক ব্রেডের সঙ্গেও পরিবেশন করা যায়। রসুন ও ধনেপাতার সুগন্ধ এই রান্নার মূল বৈশিষ্ট্য।
রান্নার জন্য প্রয়োজন ১৫-২০টি মাঝারি সাইজের পরিষ্কার করা চিংড়ি, ২৫-৩০ কোয়া মিহি করে কুচোনো রসুন, লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, অরিগ্যানো, অলিভ অয়েল, প্রচুর পরিমাণে কুচোনো ধনেপাতা, লেবুর রস ও নুন। প্রথমে চিংড়ি মাছ নুন, লঙ্কা বাটা, গোলমরিচ ও লেবুর রস দিয়ে ১০ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে।
প্যানে অলিভ অয়েল গরম করে রসুন কুচি হালকা সোনালি করে ভেজে নিন। এরপর ম্যারিনেট করা চিংড়ি দিয়ে মাঝারি আঁচে ২-৩ মিনিট রান্না করুন। চিংড়ি গোলাপি হয়ে এলে বাকি লঙ্কা বাটা, গোলমরিচ ও অরিগ্যানো মিশিয়ে নিন। চিংড়ি থেকে বেরোনো জলেই এটি সেদ্ধ হবে, তাই অতিরিক্ত রান্না করবেন না।
সবশেষে ওপর থেকে কুচোনো ধনেপাতা ও বাকি লেবুর রস ছড়িয়ে ৩০ সেকেন্ড নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিন। ধনেপাতা বেশিক্ষণ রান্না করলে এর স্বাদ ও গন্ধ নষ্ট হয়ে যেতে পারে। গরম গরম পরিবেশন করুন সুস্বাদু গার্লিক কোরিয়েন্ডার প্রন।