ছাদে বাগান করার সময় বাস্তু মেনে চলুন, কোন গাছগুলি এড়িয়ে চলবেন?

শহরের ব্যস্ত জীবনে অনেকেই বাড়ির ছাদে বাগান তৈরি করে প্রকৃতির কাছাকাছি থাকতে পছন্দ করেন। তবে বাস্তু শাস্ত্র অনুযায়ী, ছাদে গাছ লাগানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। ভুল গাছ নির্বাচন করলে তা পরিবারের সুখ-শান্তি ও সমৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয়। তাই ছাদ সাজানোর আগে বাস্তুবিদদের পরামর্শ মেনে চলা জরুরি।
বাস্তু মতে, ছাদে কাঁটাযুক্ত ক্যাকটাস গাছ রাখা একেবারেই উচিত নয়। এই ধরনের গাছ বাড়িতে নেতিবাচক শক্তি বৃদ্ধি করে, যা পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি ও মানসিক চাপের কারণ হতে পারে। এছাড়া অনেক সময় পাখির মাধ্যমে ছাদে অশ্বত্থ বা বট গাছ জন্মায়। এই গাছগুলি পবিত্র হলেও বাড়ির ছাদে এগুলি রাখা অশুভ বলে গণ্য করা হয়। তাই এমন গাছ দেখা দিলে তা যত্ন সহকারে তুলে অন্য কোথাও রোপণ করা উচিত।
ছাদে দীর্ঘদিন শুকনো বা মরা গাছ ফেলে রাখা অত্যন্ত অশুভ লক্ষণ। এটি হতাশা ও স্থবিরতার প্রতীক হিসেবে বিবেচিত হয়, যা বাড়ির উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই মরা গাছ দ্রুত সরিয়ে টবে নতুন মাটি দিয়ে সতেজ গাছ লাগানো প্রয়োজন। এর পরিবর্তে ছাদে তুলসী, গাঁদা, জবা বা জুঁইয়ের মতো গাছ লাগানো অত্যন্ত শুভ। এই গাছগুলি বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চার করে এবং সুখ-সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে।