আসানসোল-পুরুলিয়া বেল্টের ত্রাস প্রতাপ দাস গ্রেফতার

আসানসোল-পুরুলিয়া বেল্টের ত্রাস প্রতাপ দাস গ্রেফতার

সপ্তম শ্রেণিতে পড়ার সময় মুদি দোকানে চুরির অভিযোগে প্রথমবার জুভেনাইল হোমে যায় প্রতাপ দাস। সেখান থেকে ফিরে সে অপরাধের পথে আরও গভীরে প্রবেশ করে। আসানসোল, হিরাপুর, সালানপুর ও পুরুলিয়া এলাকায় ডাকাতি এবং অস্ত্র হাতে দাপিয়ে বেড়ানোর অভিযোগ রয়েছে ২৫ বছর বয়সী এই যুবকের বিরুদ্ধে। ২০২৩ সালে একটি পেট্রল পাম্পে গুলি চালানোর ঘটনায় সে গ্রেফতার হয়েছিল এবং জেলও খেটেছিল।

জেল থেকে মুক্তির পর প্রতাপ সাইবার প্রতারণার জগতে পা রাখে। বিয়ের বিজ্ঞাপনী সাইট খুলে প্রতারণার অভিযোগে গত বুধবার পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করে। স্থানীয়ভাবে ‘প্যাঁও’ নামে পরিচিত প্রতাপ নিজের পরিচিত এলাকাতেই গা ঢাকা দিয়েছিল। ইসমাইলের গুরু নানক পল্লিতে পুলিশের ওপর গুলি চালিয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট শিল্পাঞ্চল জুড়ে চিরুনি তল্লাশি শুরু করে।

তদন্তে বাধা দেওয়ার অভিযোগে প্রতাপের মামা বাম দাসসহ তার গ্যাংয়ের প্রায় ১৫ থেকে ২০ জনকে আটক করা হয়। বিভিন্ন থানায় প্রতাপের বিরুদ্ধে প্রায় ২০টি মামলা রয়েছে। ঘনঘন ডেরা, সিম কার্ড ও বাইক বদলে পুলিশের চোখে ধুলো দিলেও শেষ পর্যন্ত শুক্রবার পুলিশের জালে ধরা পড়ে সে। বাংলা-ঝাড়খণ্ড সীমানায় নাকা চেকিং ও গোয়েন্দা বিভাগের তৎপরতায় এই গ্রেফতারি সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *