কলকাতা ডার্বি: ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনার পর টিকিটের দাম কমাল ইস্টবেঙ্গল

আসন্ন কলকাতা ডার্বি উপলক্ষে টিকিটের মূল্য পুনর্বিবেচনা ও হ্রাস করার সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল ক্লাব। বহু ছাত্র-ছাত্রীর অনুরোধের প্রেক্ষিতে এবং মাঠে এসে খেলা দেখার সুবিধার্থে ক্লাব কর্তৃপক্ষ মাননীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করেছে।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, টিকিটের নতুন দাম ধার্য করা হয়েছে ২০০, ৩০০, ৪০০, ৫০০ এবং ৫৫০ টাকা। ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে ৩০০ টাকার টিকিট তাঁরা ১৫০ টাকায় কিনতে পারবেন। এছাড়া, নতুন দাম ঘোষণার আগেই যাঁরা পুরনো মূল্যে টিকিট কেটেছিলেন, তাঁদের টাকা ফেরত দেওয়া হবে বলে ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
আইএসএল-এর এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। টিকিটের দাম কমানোর সিদ্ধান্তে ফুটবলপ্রেমীদের মধ্যে স্বস্তি ফিরেছে। রবিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারি পূর্ণ থাকবে বলে আশা প্রকাশ করেছে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ।